২০২৭ বিশ্বকাপ মিশন: বিসিবির নতুন নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
লোকসমাজ ডেস্ক ॥ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সহায়তায় অল্প অল্প কথা বলতে পারছেন এবং আজ সোমবার সকালে তাঁকে হাসপাতালের বেড থেকে সরিয়ে চেয়ারে বসানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব গণমাধ্যমকে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।
ডা. জাহিদ হোসেন সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন ক্লিনিক্যাল প্যারামিটারগুলো ইতিবাচক সংকেত দিচ্ছে। তবে যেহেতু এটি মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়, তাই পূর্ণাঙ্গ সুস্থতায় কিছুটা সময় লাগবে। তিনি দেশবাসীর কাছে প্রিয় নেতার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাঁকে চেয়ারে বসিয়েছেন, যা বড় ধরনের উন্নতির লক্ষণ। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালে তাঁর পাশে সার্বক্ষণিক রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং পুত্র ইয়াসীর আব্বাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ সেখানে তাঁর মস্তিষ্কে চার ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শাহজাদপুরের একটি ভাড়া বাসায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা কস্তা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বন্যা কস্তা তার স্বামী শোভন পালমার সঙ্গে শাহজাদপুরের ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে তিনি তার প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ছাদে গিয়ে দেখতে পান বিড়ালটি ছাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কার্নিশে আটকে আছে। বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, বন্যার কোনো সন্তান ছিল না। তিনি ওই বিড়ালটিকে নিজের সন্তানের মতোই লালন-পালন করতেন এবং অত্যন্ত ভালোবাসতেন। সেই প্রিয় প্রাণিটির জীবন বাঁচাতে গিয়েই নিজের জীবন উৎসর্গ করতে হলো তাঁকে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকায় দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বড়াইগ্রামের নিজ গ্রামে আনা হবে এবং স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত : ডোনাল্ড ট্রাম্প
লোকসমাজ ডেস্ক ॥ ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক হামলার হুমকি থেকে সাময়িকভাবে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে গত দুই দিনে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে দাবি করে আগামী পাঁচ দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে গত শনিবার ট্রাম্প এক চরমপত্র জারি করে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালানো হবে। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে ফেলার পথে আলোচনা অনেকদূর এগিয়েছে।” তিনি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ বা জ্বালানি স্থাপনায় হামলা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ চলমান আলোচনার চূড়ান্ত সফলতার ওপর নির্ভর করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ট্রাম্পের হুমকির জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছিল যে, তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলোতে হামলা চালাবে। ট্রাম্প আলোচনার দাবি করলেও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার খবর নিশ্চিত করেনি। বরং গত কয়েকদিন ধরে ইরানের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে আসছিলেন। আলজাজিরার বরাতে জানা গেছে, ওয়াশিংটনের এই নমনীয় অবস্থানকে আন্তর্জাতিক বিশ্লেষকরা যুদ্ধের উত্তেজনা প্রশমনের একটি কৌশল হিসেবে দেখছেন।
টানা সাত দিনের ঈদের ছুটি শেষ: কাল খুলছে অফিস-আদালত ও ব্যাংক-বিমা

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে ব্যাংক, বিমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। ঈদের আনন্দ ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে কাল থেকেই নিয়মিত কর্মব্যস্ততায় ফিরছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
গত শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া টানা সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। একইসঙ্গে সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াব’-এর ঘোষণা অনুযায়ী সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের পাঁচ দিনের ছুটিও আজ শেষ হচ্ছে। ফলে কাল থেকে আবারও নিয়মিত সংবাদপত্র প্রকাশিত হবে।
তবে এবার ছুটির পঞ্জিকায় দেখা দিয়েছে এক ভিন্নচিত্র। মঙ্গলবার অফিস খোলার মাত্র একদিন পর অর্থাৎ আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এরপরের দুদিন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামীকাল একদিন অফিস করার পরেই চাকরিজীবীরা আবারও টানা তিন দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।
আজ ছুটির শেষ দিনে রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। কাল সকালে অফিসপাড়া খুললেও পুরোদমে কর্মব্যস্ততা ফিরতে আরও দু-একদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের বিমানবাহিনীতে পাকিস্তানের গুপ্তচর, গ্রেফতার ১

লোকসমাজ ডেস্ক ॥ ভারতের আসামের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে কর্মরত একজন বেসামরিক কর্মচারীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমিত কুমার (৩৬) বিমানবাহিনীর সংবেদনশীল তথ্য ইসলামাবাদের গোয়েন্দা হ্যান্ডলারদের কাছে পাচার করছিলেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। রাজস্থান ও বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার জানান, সুমিত কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডিব্রুগড়ের চাবুয়া স্টেশনে ‘মাল্টি-টাস্কিং স্টাফ’ হিসেবে কাজ করতেন। গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের সূত্র ধরে এই বিশাল তথ্য পাচার চক্রের হদিস পায় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের মুখে সুমিত স্বীকার করেছেন যে, ২০২৩ সাল থেকে তিনি পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুমিত টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান এবং বিমানবাহিনীর কর্মীদের ব্যক্তিগত ও পেশাদার তথ্য পাচার করতেন। অভিযুক্তকে বর্তমানে জয়পুরের একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে একাধিক নিরাপত্তা সংস্থা তাকে যৌথভাবে জেরা করছে। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই গুপ্তচরবৃত্তির সঙ্গে আরও বড় কোনো নেটওয়ার্ক যুক্ত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
সামনে কঠিন সময়, বাড়তে পারে তেলের দাম: ঠাকুরগাঁওয়ে খাল খনন উদ্বোধনে মির্জা ফখরুল

লোকসমাজ ডেস্ক ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের সামনে কঠিন সময় আসছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমতে পারে, তবে এ অজুহাতে পাম্প ভাঙচুর বা মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না এবং মব কালচার কঠোর হস্তে দমন করব।” নদী ও খাল খনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, অনিয়মকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনি—উভয় ব্যবস্থাই নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য চাষের সুযোগ সৃষ্টিতে ২০ হাজার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, দেশের মানুষ তাদের পছন্দ করে না। সৎ থাকা এবং হালাল রুজি উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কৃষি খাতের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কয়েক কোটি নারীর জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামের পর বাড়ল জ্বালানি তেলের দাম

লোকসমাজ ডেস্ক ॥ ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। আজ সোমবার বাজার খোলার পরপরই অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করা হলে ইরানের জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েল সতর্ক করেছে যে চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ও বার্তা সংস্থা ‘এএফপি’ এই তথ্য নিশ্চিত করেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গ্রিনিচ মান সময় গত রোববার রাত ১০টায় লেনদেন শুরুর পরপরই মার্কিন অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। একইভাবে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়ায়। তবে লেনদেনের শুরুর দিকে দাম কিছুটা অস্থির থাকলেও পরে তা ১১১ ডলারের আশপাশে থিতু হয়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল তুলনামূলক স্থিতিশীল। তখন ডব্লিউটিআই এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে তেলের দাম প্রায় দ্বিগুণ হওয়ার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করছে।
ফেসবুক রিলসে বড় ধামাকা: মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা

তথ্য প্রযুক্তি ডেক্স ॥ ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে আধিপত্য পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ প্ল্যাটফর্ম ফেসবুক। ইউটিউব শর্টস এবং টিকটকের চ্যালেঞ্জ মোকাবিলায় কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক একটি বিশেষ প্রকল্পের ঘোষণা দিয়েছে মেটা। এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে একজন নির্মাতা প্রতি মাসে ৩ হাজার ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) পর্যন্ত নিশ্চিত আয়ের সুযোগ পাবেন।
ফেসবুক কর্তৃপক্ষের তথ্যমতে, এই নিশ্চিত আয়ের পরিমাণ নির্ভর করবে নির্মাতার অনুসারী বা ফলোয়ার সংখ্যার ওপর। যেসব নির্মাতার অনুসারী সংখ্যা ১ লাখ পার হয়েছে, তারা প্রতি মাসে পাবেন ১ হাজার ডলার। অন্যদিকে, ১০ লাখ বা ১ মিলিয়নের বেশি অনুসারী থাকলে আয়ের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ডলারে। তবে এই বিশেষ আর্থিক সুবিধাটি প্রাথমিক তিন মাসের জন্য কার্যকর থাকবে, যা নির্মাতাদের প্ল্যাটফর্মে শক্তিশালী অবস্থান তৈরিতে সহায়তা করবে।
এই সুবিধা পেতে নির্মাতাদের কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রতি ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি মৌলিক রিলস বা স্বল্পদৈর্ঘ্য ভিডিও পোস্ট করতে হবে এবং মাসের অন্তত ১০টি পৃথক দিনে সক্রিয় থাকতে হবে। মেটা স্পষ্ট করেছে যে, ভিডিওগুলো মৌলিক হতে হবে, তবে সেগুলো ইউটিউব বা টিকটকে প্রকাশিত হলেও কোনো বাধা নেই।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে অনেক জনপ্রিয় নির্মাতা ফেসবুক ছেড়ে অন্য প্ল্যাটফর্মে থিতু হয়েছেন। তাদের ফিরিয়ে আনতেই মেটা ‘আর্থিক নিশ্চয়তা ও অ্যালগরিদম সাপোর্ট’ কৌশল গ্রহণ করেছে। ২০২৫ সালে মেটা বিশ্বজুড়ে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে, যার সিংহভাগই এসেছে রিলস থেকে। আয়ের স্বচ্ছতা নিশ্চিতে মেটা এখন নতুন কিছু অ্যানালিটিক্স টুলও উন্মুক্ত করেছে, যার মাধ্যমে নির্মাতারা তাদের উপার্জনের চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন।
ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ফিরছেন হানিফ সংকেত, ‘ইত্যাদি’ দেখা যাবে আজ রাতেই
বিনোদন ডেস্ক ॥ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ঈদের বিনোদনের প্রধান আকর্ষণ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে ফিরছেন বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। কয়েক দশক ধরে টেলিভিশনের পর্দার সঙ্গে দর্শকদের যে সেতুবন্ধন ‘ইত্যাদি’ তৈরি করেছে, এবারের ঈদেও সেই ঐতিহ্যের ধারা বজায় রেখে ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
আজ রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে অনুষ্ঠানটি। জানা গেছে, এবারের আসরটি চিরায়ত গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশেলে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক—কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরের মূর্ছনায় দর্শকদের মাতাবেন শিল্পীরা।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের পর্বেও থাকছে এক ঝাঁক তারকা শিল্পীর দেশাত্মবোধক গান এবং ভিন্ন ধাঁচের সংগীত পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য। বরাবরের মতোই ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে সমসাময়িক সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে এতে। এছাড়াও থাকছে জনপ্রিয় মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী মজার পর্ব। সব মিলিয়ে বিনোদনের সব রসদ নিয়ে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা মেটাতে প্রস্তুত এবারের ‘ইত্যাদি’।



