হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামের পর বাড়ল জ্বালানি তেলের দাম

0
তেলের বাজারে বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও যুদ্ধের শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়ালো।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। আজ সোমবার বাজার খোলার পরপরই অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করা হলে ইরানের জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েল সতর্ক করেছে যে চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ও বার্তা সংস্থা ‘এএফপি’ এই তথ্য নিশ্চিত করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গ্রিনিচ মান সময় গত রোববার রাত ১০টায় লেনদেন শুরুর পরপরই মার্কিন অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। একইভাবে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়ায়। তবে লেনদেনের শুরুর দিকে দাম কিছুটা অস্থির থাকলেও পরে তা ১১১ ডলারের আশপাশে থিতু হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল তুলনামূলক স্থিতিশীল। তখন ডব্লিউটিআই এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে তেলের দাম প্রায় দ্বিগুণ হওয়ার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করছে।