ভারতের বিমানবাহিনীতে পাকিস্তানের গুপ্তচর, গ্রেফতার ১

0
ভারতীয় বিমানবাহিনীতে পাকিস্তানের চর। আসামের চাবুয়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে সুমিত কুমার নামে এক কর্মচারীকে। তিনি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের গোপন তথ্য পাচার করতেন।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ ভারতের আসামের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে কর্মরত একজন বেসামরিক কর্মচারীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমিত কুমার (৩৬) বিমানবাহিনীর সংবেদনশীল তথ্য ইসলামাবাদের গোয়েন্দা হ্যান্ডলারদের কাছে পাচার করছিলেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। রাজস্থান ও বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার জানান, সুমিত কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডিব্রুগড়ের চাবুয়া স্টেশনে ‘মাল্টি-টাস্কিং স্টাফ’ হিসেবে কাজ করতেন। গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের সূত্র ধরে এই বিশাল তথ্য পাচার চক্রের হদিস পায় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের মুখে সুমিত স্বীকার করেছেন যে, ২০২৩ সাল থেকে তিনি পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুমিত টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান এবং বিমানবাহিনীর কর্মীদের ব্যক্তিগত ও পেশাদার তথ্য পাচার করতেন। অভিযুক্তকে বর্তমানে জয়পুরের একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে একাধিক নিরাপত্তা সংস্থা তাকে যৌথভাবে জেরা করছে। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই গুপ্তচরবৃত্তির সঙ্গে আরও বড় কোনো নেটওয়ার্ক যুক্ত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।