ফেসবুক রিলসে বড় ধামাকা: মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা

    0
    ইউটিউব-টিকটককে টেক্কা দিতে ফেসবুকের বিশাল ঘোষণা। মাসে অন্তত ১৫টি রিলস আপলোড করেই আয় করুন লাখ লাখ টাকা।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

    তথ্য প্রযুক্তি ডেক্স ॥ ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে আধিপত্য পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ প্ল্যাটফর্ম ফেসবুক। ইউটিউব শর্টস এবং টিকটকের চ্যালেঞ্জ মোকাবিলায় কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক একটি বিশেষ প্রকল্পের ঘোষণা দিয়েছে মেটা। এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে একজন নির্মাতা প্রতি মাসে ৩ হাজার ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) পর্যন্ত নিশ্চিত আয়ের সুযোগ পাবেন।

    ফেসবুক কর্তৃপক্ষের তথ্যমতে, এই নিশ্চিত আয়ের পরিমাণ নির্ভর করবে নির্মাতার অনুসারী বা ফলোয়ার সংখ্যার ওপর। যেসব নির্মাতার অনুসারী সংখ্যা ১ লাখ পার হয়েছে, তারা প্রতি মাসে পাবেন ১ হাজার ডলার। অন্যদিকে, ১০ লাখ বা ১ মিলিয়নের বেশি অনুসারী থাকলে আয়ের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ডলারে। তবে এই বিশেষ আর্থিক সুবিধাটি প্রাথমিক তিন মাসের জন্য কার্যকর থাকবে, যা নির্মাতাদের প্ল্যাটফর্মে শক্তিশালী অবস্থান তৈরিতে সহায়তা করবে।

    এই সুবিধা পেতে নির্মাতাদের কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রতি ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি মৌলিক রিলস বা স্বল্পদৈর্ঘ্য ভিডিও পোস্ট করতে হবে এবং মাসের অন্তত ১০টি পৃথক দিনে সক্রিয় থাকতে হবে। মেটা স্পষ্ট করেছে যে, ভিডিওগুলো মৌলিক হতে হবে, তবে সেগুলো ইউটিউব বা টিকটকে প্রকাশিত হলেও কোনো বাধা নেই।

    বাজার বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে অনেক জনপ্রিয় নির্মাতা ফেসবুক ছেড়ে অন্য প্ল্যাটফর্মে থিতু হয়েছেন। তাদের ফিরিয়ে আনতেই মেটা ‘আর্থিক নিশ্চয়তা ও অ্যালগরিদম সাপোর্ট’ কৌশল গ্রহণ করেছে। ২০২৫ সালে মেটা বিশ্বজুড়ে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে, যার সিংহভাগই এসেছে রিলস থেকে। আয়ের স্বচ্ছতা নিশ্চিতে মেটা এখন নতুন কিছু অ্যানালিটিক্স টুলও উন্মুক্ত করেছে, যার মাধ্যমে নির্মাতারা তাদের উপার্জনের চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন।