প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই এবং একটি শোপিস উপহার দেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতি রেখে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।