অবশেষে ফেসবুক পেজ ফিরে পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাজু

0
পেজ ফিরে পেলেন তাজুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশজুড়ে আলোচিত কুড়িগ্রামের কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু অবশেষে তাঁর ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন। আজ সোমবার সকালে ‘তাজু ২.০’ পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে তাজু জানান, গতকাল রোববার দুপুর থেকে তাঁর পেজটি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় তিনি নানা সমস্যায় পড়েছিলেন। পরে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতায় পেজটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় সংকটকালীন সময়ে যারা পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সাথে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের সুখ-দুঃখের কথা যেন আগের মতোই তুলে ধরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তাজু।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে সরকারি দরে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তাজু। মাত্র ১০ দিনের ব্যবধানে তাঁর অনুসারী সংখ্যা ৬ হাজার থেকে ১০ লাখে পৌঁছায়। তবে হঠাৎ ভাইরাল হওয়ার পর থেকে তাঁর বাড়িতে উৎসুক ইউটিউবার ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবন কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।