ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ফিরছেন হানিফ সংকেত, ‘ইত্যাদি’ দেখা যাবে আজ রাতেই

0
আজ রাত সাড়ে ৮টায় বিটিভিতে প্রচারিত হবে সবার প্রিয় ‘ইত্যাদি’।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ঈদের বিনোদনের প্রধান আকর্ষণ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে ফিরছেন বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। কয়েক দশক ধরে টেলিভিশনের পর্দার সঙ্গে দর্শকদের যে সেতুবন্ধন ‘ইত্যাদি’ তৈরি করেছে, এবারের ঈদেও সেই ঐতিহ্যের ধারা বজায় রেখে ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

আজ রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে অনুষ্ঠানটি। জানা গেছে, এবারের আসরটি চিরায়ত গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশেলে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক—কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরের মূর্ছনায় দর্শকদের মাতাবেন শিল্পীরা।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের পর্বেও থাকছে এক ঝাঁক তারকা শিল্পীর দেশাত্মবোধক গান এবং ভিন্ন ধাঁচের সংগীত পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য। বরাবরের মতোই ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে সমসাময়িক সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে এতে। এছাড়াও থাকছে জনপ্রিয় মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী মজার পর্ব। সব মিলিয়ে বিনোদনের সব রসদ নিয়ে দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা মেটাতে প্রস্তুত এবারের ‘ইত্যাদি’।