যশোরে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: লক্ষ্য ৯১ হাজার শিশু

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। রোববার সকালে যশোর সদর উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মুজিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মুজিবুর রহমান জানান, বিভিন্ন প্রতিকূলতার কারণে এই কর্মসূচি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় বছর পিছিয়ে গিয়েছিল।

তিনি বলেন, অভিভাবকদের মাঝে টিকা গ্রহণে কিছুটা অনিহা লক্ষ্য করা গেছে এবং বর্তমানে হামের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় শুধুমাত্র যশোর সদর উপজেলাতেই ৯১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম খুলনা বিভাগের অন্যান্য জেলা ও উপজেলাতেও ছড়িয়ে দেওয়া হবে।

যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মোঃ খান মাসুম বিল্লাহ, সরকারি পুলিশ সুপার মোঃ রাজীব হোসেন,পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল আলম,
ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ নাজমুস সাদিক ও নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃমশিয়ার রহমান বাবলু প্রমুখ।