ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত : ডোনাল্ড ট্রাম্প

0
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ; কিন্তু হামলার বদলে এল ৫ দিনের বিরতির ঘোষণা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক হামলার হুমকি থেকে সাময়িকভাবে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে গত দুই দিনে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে দাবি করে আগামী পাঁচ দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে গত শনিবার ট্রাম্প এক চরমপত্র জারি করে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালানো হবে। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে ফেলার পথে আলোচনা অনেকদূর এগিয়েছে।” তিনি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ বা জ্বালানি স্থাপনায় হামলা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ চলমান আলোচনার চূড়ান্ত সফলতার ওপর নির্ভর করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ট্রাম্পের হুমকির জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছিল যে, তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলোতে হামলা চালাবে। ট্রাম্প আলোচনার দাবি করলেও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার খবর নিশ্চিত করেনি। বরং গত কয়েকদিন ধরে ইরানের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে আসছিলেন। আলজাজিরার বরাতে জানা গেছে, ওয়াশিংটনের এই নমনীয় অবস্থানকে আন্তর্জাতিক বিশ্লেষকরা যুদ্ধের উত্তেজনা প্রশমনের একটি কৌশল হিসেবে দেখছেন।