২০২৭ বিশ্বকাপ মিশন: বিসিবির নতুন নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার

0
২০২৭ বিশ্বকাপ সামনে রেখে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করল বিসিবি। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুল বাশার। সাথে থাকছেন নাঈম ও নাদিফ।। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ রূপরেখা ও ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের জন্য শক্তিশালী চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে দেশের ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ওপর।
৫৩ বছর বয়সী হাবিবুল বাশার এর আগে পুরুষ ও নারী উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে সফলতার সাথে কাজ করেছেন। দেশের হয়ে টেস্টে প্রথম ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়া এই সাবেক তারকার অভিজ্ঞতার ঝুলি বিসিবির নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
প্যানেলে ধারাবাহিকতা বজায় রাখতে রাখা হয়েছে সাবেক পেসার হাসিবুল হোসেনকে, যিনি বিগত প্যানেলেও দায়িত্ব পালন করেছেন। তবে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের দুই লড়াকু সৈনিক—নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।
৩৯ বছর বয়সী নাঈম ইসলাম দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ২০ হাজারেরও বেশি রান করেছেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় রেকর্ড হিসেবে ৩৪টি সেঞ্চুরির মালিক তিনি। অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরী টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ও বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে সফলতার পর এবার জাতীয় দলের নির্বাচক পদে উন্নীত হলেন।
বিসিবি জানিয়েছে, এই নতুন কমিটির মেয়াদকাল হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপের জন্য একটি স্থিতিশীল এবং লড়াকু দল গঠন করতেই মূলত বোর্ড এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হেঁটেছে।