বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

0
পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। রাজধানীর শাহজাদপুরে ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন বন্যা কস্তা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শাহজাদপুরের একটি ভাড়া বাসায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা কস্তা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বন্যা কস্তা তার স্বামী শোভন পালমার সঙ্গে শাহজাদপুরের ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে তিনি তার প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ছাদে গিয়ে দেখতে পান বিড়ালটি ছাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কার্নিশে আটকে আছে। বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, বন্যার কোনো সন্তান ছিল না। তিনি ওই বিড়ালটিকে নিজের সন্তানের মতোই লালন-পালন করতেন এবং অত্যন্ত ভালোবাসতেন। সেই প্রিয় প্রাণিটির জীবন বাঁচাতে গিয়েই নিজের জীবন উৎসর্গ করতে হলো তাঁকে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকায় দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বড়াইগ্রামের নিজ গ্রামে আনা হবে এবং স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।