সামনে কঠিন সময়, বাড়তে পারে তেলের দাম: ঠাকুরগাঁওয়ে খাল খনন উদ্বোধনে মির্জা ফখরুল

0
"সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে।" ঠাকুরগাঁওয়ে নদী খনন উদ্বোধনকালে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের সামনে কঠিন সময় আসছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমতে পারে, তবে এ অজুহাতে পাম্প ভাঙচুর বা মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না এবং মব কালচার কঠোর হস্তে দমন করব।” নদী ও খাল খনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, অনিয়মকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনি—উভয় ব্যবস্থাই নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য চাষের সুযোগ সৃষ্টিতে ২০ হাজার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, দেশের মানুষ তাদের পছন্দ করে না। সৎ থাকা এবং হালাল রুজি উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কৃষি খাতের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কয়েক কোটি নারীর জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।