মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সহায়তায় অল্প অল্প কথা বলতে পারছেন এবং আজ সোমবার সকালে তাঁকে হাসপাতালের বেড থেকে সরিয়ে চেয়ারে বসানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব গণমাধ্যমকে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।

ডা. জাহিদ হোসেন সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন ক্লিনিক্যাল প্যারামিটারগুলো ইতিবাচক সংকেত দিচ্ছে। তবে যেহেতু এটি মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়, তাই পূর্ণাঙ্গ সুস্থতায় কিছুটা সময় লাগবে। তিনি দেশবাসীর কাছে প্রিয় নেতার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাঁকে চেয়ারে বসিয়েছেন, যা বড় ধরনের উন্নতির লক্ষণ। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালে তাঁর পাশে সার্বক্ষণিক রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং পুত্র ইয়াসীর আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ সেখানে তাঁর মস্তিষ্কে চার ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।