যশোরে প্রথম দিনে টিকা পেল আড়াই হাজার শিশু

0

বি এম আসাদ ॥ যশোরে শিশুদের হাম প্রতিরোধে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। প্রথম দিনে জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে মোট ২ হাজার ৫৮৪ শিশুকে এই প্রতিষেধক দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. খান মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার মো. রাজীব হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, সদর উপজেলা ইউএইচএফপিও ডা. মো. ইউসুফ আলী এবং নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিউর রহমান বাবলু।

পরবর্তীতে বেলা ১১টায় যশোর পৌরসভায় শিশুদের টিকা প্রদানের মাধ্যমে দ্বিতীয় টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপি নেতা মো. আব্দুস সালাম আজাদ, আলহাজ মো. আনিছুর রহমান মুকুল, যশোর নগর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (মুল্লুক চাঁদ), সাধারণ সম্পাদক কে এম শরীফুল হক (সেতু), পৌরসভার সিইও সৈয়দ মুরাদ আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়ক মো. আরিফুল ইসলাম এবং ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদার।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। যশোর সদর উপজেলায় ৯১ হাজার এবং পৌরসভা এলাকায় ৪০ হাজার শিশু এই টিকা পাবে।

প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে হাম প্রবণ এলাকাগুলোতে এই কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রথম দিনে নোয়াপাড়া ইউনিয়নের ৬টি কেন্দ্রে ২ হাজার ৪৭ জন এবং যশোর পৌরসভার ১টি কেন্দ্রে ৫৩৭ শিশুকে টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে শিশুদের উপচে পড়া ভিড় ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

এদিকে যশোরে নতুন করে আরও ২ জন হামে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। এ পর্যন্ত মোট ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।