স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোরের সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার মূল প্রেরণা। যশোরের উন্নয়নের মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অমর একুশের প্রভাতফেরি: কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার
লোকসমাজ ডেস্ক ॥ শোক আর গৌরবের অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। আজ শনিবার ভোর থেকেই খালি পায়ে, বুকে কালো ব্যাজ আর হাতে ফুলের তোড়া নিয়ে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হওয়ার পর তা সাহ্রির আগপর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে। এরপর সকাল সাড়ে ৬টা থেকে আবারও প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। একুশের প্রতীক সাদা-কালো পোশাকে সজ্জিত জনতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শহীদ মিনারে আসছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে নিশ্ছিদ্র নজরদারির আওতায় রাখা হয়েছে।
আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং নিরাপত্তা ইস্যুতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে এবার ফেটে পড়লেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আসিফ নজরুলকে সরাসরি ‘মিথ্যুক’ বলে অভিহিত করেছেন।
সালাউদ্দিন বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এভাবে মিথ্যা কথা বলবেন, তা ভাবা যায় না। আমি এখন ক্রিকেটারদের সামনে মুখ দেখাব কীভাবে?” তিনি দাবি করেন, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ চাপিয়ে দেওয়া। তাঁর মতে, গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল বিসিবি ও ক্রিকেটারদের ওপর দোষ চাপিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য। সালাউদ্দিন আরও যোগ করেন, নিরাপত্তা সংকটে তাঁর দুই খেলোয়াড় ‘কোমায়’ চলে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিলেন এবং সেখান থেকে তাঁদের ক্রিকেটে ফেরানোই ছিল বড় চ্যালেঞ্জ। সরকারের একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে একটি সাজানো দলকে ধ্বংস করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশসেরা এই কোচ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোন

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা তিনটায় দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীল রক্ষায় দুই দেশ একে অপরের পাশে থাকার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
লোকসমাজ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন ডা. শফিকুর রহমান। এ সময় তাঁর সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করবেন।
দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করল বাংলাদেশ
লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে পুরোদমে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা পরিষেবা প্রদান শুরু হয়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই ইতিবাচক মোড় এল। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় দুই দেশই পরষ্পরের ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন এবং টেলিফোনে আলাপচারিতার মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলতে শুরু করে। এর আগে বৃহস্পতিবার ভারতও ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালুর ইঙ্গিত দিয়েছিল। দিল্লির এই পদক্ষেপের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগে নতুন গতির সম্ভাবনা তৈরি হয়েছে।
বোরকা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, করলেন জরিমানা
লোকসমাজ ডেস্ক ॥ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে ভিন্ন কৌশলে অভিযান চালালেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বোরকা পরে ক্রেতা সেজে বাজার পরিদর্শনের পর বিভিন্ন অনিয়মে ৭টি দোকানকে জরিমানা করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।
অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের মন্ত্রীসভার সদস্য হয়ে নিজ জেলা যশোরবাসীর শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মন্ত্রীসভার সদস্য হয়ে শুক্রবার তিনি সকালে দুই দিনের সফরে নিজ জেলা যশোরে আসেন। প্রতিমন্ত্রীর যশোরে আসার সংবাদে জেলার সকল শ্রেণির নারী পুরুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। নিজ ঘরে ফিরে আসা সন্তানকে ফুল দিয়ে বরণ করে যশোরবাসী তাদের সর্বোচ্চ আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটান। অনিন্দ্য ইসলাম অমিতও নির্বাচনের আগে যশোরবাসীর উদ্দেশ্য দেওয়া তার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার বাস্তবায়নের পুনরব্যক্ত করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার পর অনিন্দ্য ইসলাম অমিত ঢাকা থেকে বিমান যোগে যশোর এসে পৌছান। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে অনিন্দ্য ইসলাম অমিত রাষ্ট্রীয় প্রটোকলে যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনিন্দ্য ইসলাম অমিতকে সমগ্র যশোরবাসী হৃদয় নিংড়ানো ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। ফুলের শুভেচ্ছা চলে প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে। যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক যশোর জেলা শাখা, জেলার সর্বস্তরের খেলোয়াড় সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন দেশের স্বার্থকে প্রধান্য দিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি তার জন্য আমি যশোরবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। একই সাথে নির্বাচনী আগে যশোরবাসীর দেওয়ার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার বাস্তবায়নের পূর্ণব্যক্ত করেন অনিন্দ্য ইসলাম অমিত।
পরে অনিন্দ্য ইসলাম অমিত কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
লোকসমাজ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। অন্যদিকে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিসিটিভি ক্যামেরা, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করবে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে, শ্রদ্ধা নিবেদনের এই জাতীয় অনুষ্ঠানে কোনো ধরনের জনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না।
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা; কোনো শঙ্কার কারণ নেই জানালেন ডিএমপি কমিশনার
লোকসমাজ ডেস্ক ॥ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, দিবসটি ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই।
ডিএমপি কমিশনার বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের ব্যবস্থার পাশাপাশি মোতায়েন থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য। এ ছাড়া গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটে শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, দোয়েল চত্বর বা চাঁনখারপুল দিয়ে বের হতে হবে। জননিরাপত্তার স্বার্থে শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করার জন্য নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।









