আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

0
‘একটি দলকে এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন’; আসিফ নজরুলকে ধুয়ে দিলেন সালাউদ্দিন।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং নিরাপত্তা ইস্যুতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে এবার ফেটে পড়লেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আসিফ নজরুলকে সরাসরি ‘মিথ্যুক’ বলে অভিহিত করেছেন।

সালাউদ্দিন বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এভাবে মিথ্যা কথা বলবেন, তা ভাবা যায় না। আমি এখন ক্রিকেটারদের সামনে মুখ দেখাব কীভাবে?” তিনি দাবি করেন, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ চাপিয়ে দেওয়া। তাঁর মতে, গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল বিসিবি ও ক্রিকেটারদের ওপর দোষ চাপিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য। সালাউদ্দিন আরও যোগ করেন, নিরাপত্তা সংকটে তাঁর দুই খেলোয়াড় ‘কোমায়’ চলে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিলেন এবং সেখান থেকে তাঁদের ক্রিকেটে ফেরানোই ছিল বড় চ্যালেঞ্জ। সরকারের একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে একটি সাজানো দলকে ধ্বংস করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশসেরা এই কোচ।