কালিগঞ্জে প্রতারণায় অভিযুক্ত আদম ব্যবসায়ী  আটক 

সে দীর্ঘদিন রাজনৈতিক নেতা সেজে বিভিন্ন অসহায় গরীবদের সন্তানদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া ভিসা দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উল্টো মামলা দিয়ে হয়রানি করে আসছিল।

0
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা :
বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা আত্মসাত অভিযোগে আদম ব্যবসায়ী আব্দুল করিম কে আটক করেছে পুলিশ। আটক আব্দুল করিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশরাফ হোসেন গাইনের ছেলে। পলাতক অবস্থায় নড়াইলে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মহিব বিল্লাহের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে নড়াইল জেলা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার তাকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে করিমের গ্রেপ্তারের খবরে বুধবার সকাল ১১  টার দিকে ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়নের ভুক্তভোগীরা তার বিচারের দাবিতে স্থানীয় সোহরাওয়ার্দী পার্ক সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়- সে দীর্ঘদিন রাজনৈতিক নেতা সেজে বিভিন্ন অসহায় গরীবদের সন্তানদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া ভিসা দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগীদের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছিল। সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করিয়ে দেওয়ার নাম করে বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী শেখ হাসিনার নাম করে ৭২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গত ৫ আগস্টের  পরে রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি পরিচয় দিয়ে আবারো বিদেশ পাঠানোর নামে চাঁদাবাজি ও হয়রানি শুরু করে। এসময় এলাকাবাসীর প্রতিবাদের মুখে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই সময় বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।