দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করল বাংলাদেশ

0
দুই মাস পর দিল্লিতে বাংলাদেশের ভিসা সেবা চালু; স্বাভাবিক হচ্ছে কূটনৈতিক সম্পর্ক।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে পুরোদমে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা পরিষেবা প্রদান শুরু হয়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই ইতিবাচক মোড় এল। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় দুই দেশই পরষ্পরের ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন এবং টেলিফোনে আলাপচারিতার মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলতে শুরু করে। এর আগে বৃহস্পতিবার ভারতও ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালুর ইঙ্গিত দিয়েছিল। দিল্লির এই পদক্ষেপের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগে নতুন গতির সম্ভাবনা তৈরি হয়েছে।