সংসদে যশোর করোনারি কেয়ার ইউনিট চালুর দাবি অনিন্দ্য ইসলাম অমিতের

চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হলে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে

0
জাতীয় সংসদের অনিন্দ্য ইসলাম অমিত
গতকাল জাতীয় সংসদে অনিন্দ্য ইসলাম অমিত

লোকসমাজ ডেস্ক: উন্নত চিকিৎসা সুবিধার অভাবে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের রোগীদের ঢাকাসহ বড় শহরে যেতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে- এমন উদ্বেগ প্রকাশ করে যশোরে দীর্ঘদিন ধরে অচল থাকা করোনারি কেয়ার ইউনিট দ্রুত চালুর দাবি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সুবিধার অভাবে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা দ্রুত সমাধান করা জরুরি।
প্রতিমন্ত্রী জানান, যশোরে একটি ৫০০ শয্যার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ উন্নত চিকিৎসা সেবা পাবে এবং দূরপাল্লার যাত্রার প্রয়োজন অনেকটাই কমে আসবে।
তিনি আরো বলেন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হলে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে।
তিনি বলেন, গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনতে সরকার নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে স্বল্পমূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করে পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করা হবে।
তিনি রাজনৈতিক সহনশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।