সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল, নতুন দাম ১৯৯

0
পাম তেলের দাম অপরিবর্তিত থাকলেও বাড়ল সয়াবিন তেলের দর; ক্ষুব্ধ ভোক্তারা।। ছবি: সংগৃহীত

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় পরিশোধন কারখানামালিকদের দাবির মুখে এই দর সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম বাড়ানোর পক্ষে যৌক্তিকতা খুঁজে পায়। তবে সয়াবিন তেলের দাম বাড়লেও পাম তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভোজ্যতেল পরিশোধন কারখানামালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন এই দাম আজ থেকেই বাজারে কার্যকর হবে।

এদিকে ভোজ্যতেলের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির দাবি, বাজারে দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট চক্র নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি করছে। ক্যাব নেতারা অবিলম্বে বাজার তদারকি জোরদার করা এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গতকাল বাজারে খোলা সয়াবিন তেল ১৮২ থেকে ১৯৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা সরকারের নতুন নির্ধারিত দামের চেয়েও বেশি।