আজ বিকেলের দিকে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

0
আজ বিকেলের দিকে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার দিনভর বৃষ্টির পর আজ বৃহস্পতিবারও বিকেলের দিকে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টির আওতাভুক্ত। একই সময়ে রাজধানীতে বৃষ্টি হয়েছে ৬৫ মিলিমিটার, যার বড় অংশই হয়েছে রাতের দিকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, আজ সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর থেকে উপকূলীয় অঞ্চল ও ঢাকাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রবল বৃষ্টির প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের অন্তত পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে নেত্রকোনার কংস ও সোমেশ্বরী এবং মৌলভীবাজারের মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, একটানা কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, বরং সারা দেশে বিচ্ছিন্নভাবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজ দুপুরের পর আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টির নতুন পূর্বাভাস আসার কথা রয়েছে।