অমর একুশের প্রভাতফেরি: কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার

0
ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শোক আর গৌরবের অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। আজ শনিবার ভোর থেকেই খালি পায়ে, বুকে কালো ব্যাজ আর হাতে ফুলের তোড়া নিয়ে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হওয়ার পর তা সাহ্‌রির আগপর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে। এরপর সকাল সাড়ে ৬টা থেকে আবারও প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। একুশের প্রতীক সাদা-কালো পোশাকে সজ্জিত জনতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শহীদ মিনারে আসছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে নিশ্ছিদ্র নজরদারির আওতায় রাখা হয়েছে।