বোরকা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, করলেন জরিমানা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে ভিন্ন কৌশলে অভিযান চালালেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বোরকা পরে ক্রেতা সেজে বাজার পরিদর্শনের পর বিভিন্ন অনিয়মে ৭টি দোকানকে জরিমানা করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’