অভয়নগরে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অভয়নগর থানা ও পৌর যুবদল ছাত্রদলের আয়োজনে নওয়াপাড়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, শ্রমিকদল নেতা রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা।
উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিপু, বিএনপি নেতা ফারাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য মাসুদ রানা, উপজেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক নুরুজ্জামান, জেলা যুবদলেব সহসাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ^াস, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন ও রমজান হোসেনের নামের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করতে হবে।
গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসীর হাতে মতিয়ার রহমান মতি নামের একজন ঘাট শ্রমিক নিহত হন। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম।