আন্দোলন শুরু হয়ে গেছে, সফল করেই ঘরে ফিরবে বিরোধী দল: শফিকুর রহমান

0
‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।। ছবি: সংগৃহীত

জুলাই সনদের আলোকে মৌলিক সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। আজ সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, তিলে তিলে গড়ে ওঠা এই আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।

১১-দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারে ডা. শফিকুর রহমান বর্তমান ক্ষমতার কাঠামোকে জুলাই গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, “জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই আজ সরকার ও বিরোধী দল আছে। এই জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। গণরায়ের মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও যোগ করেন, জনগণের কণ্ঠ দমানোর চেষ্টা অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বর্তমান সরকারি দলের কয়েকজন সদস্যের ‘জিহ্বা সংযত’ করার পরামর্শ দেন।

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে জামায়াত আমির সরকারকে চূড়ান্ত সাবধানবাণী প্রদান করেন। তিনি বলেন, “রেমিট্যান্সের ৩২ শতাংশ যে ব্যাংক একা আহরণ করে, তাকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। ব্যাংকগুলোকে দলীয়করণ করলে জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না। ব্যাংকের মূল মালিক জনগণ, তাদের স্বার্থ রক্ষায় আমরা বসে আঙুল চুষব না।”

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। শেখ হাসিনা চলে গেলেও জনগণকে উপহাস ও অপমান করার মানসিকতা বিএনপি সরকারের ওপর চেপে বসেছে। তারা নিজেদের সিংহ আর জনগণকে ইঁদুর মনে করছে।” বিশ্ব ইতিহাসে গণভোটকে উপেক্ষা করার কোনো নজির নেই উল্লেখ করে তিনি একে ১১ দলের পক্ষ থেকে সর্বশেষ ‘শুভকামনা’ হিসেবে অভিহিত করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সেমিনারে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঐকমত্য কমিটির সদস্যরা গণভোটের রায় নিয়ে ‘কথার বরখেলাপ’ করেছেন। তারা জুলাই সনদ বনাম জুলাই আদেশ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে জাতিকে দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বর্তমান সরকারের ‘কর্তৃত্ববাদী’ শাসনের সমালোচনা করে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

সেমিনারে ইসলামী চিন্তাবিদ, আইনজীবী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিয়ে দেশে পারিবারিক রাজতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন।