যশোরে ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সড়ক সংস্কার ও দুস্থদের সহায়তা

0
ছবি: লোকসমাজ।

যশোরে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার শেষে উদ্বোধন করা হয়েছে। একই সাথে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

যশোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বড় বড় গর্তে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হতো, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করত। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে নগর বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়। বুধবার নবনির্মিত এই সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির নির্বাহী সদস্য হাজী আমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাছুম ও মোঃ ফারুক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিনুর রহমান মুকুল বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার বড় মাধ্যম-এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।”

সড়ক উদ্বোধন শেষে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিনসহ বিভিন্ন গৃহ সামগ্রী বিতরণ করা হয়। ঘর মেরামতের জন্য এই সহায়তা পেয়ে অনেক দরিদ্র পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

৬ নং ওয়ার্ড নগর বিএনপির সভাপতি শাজাহান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সার্বিক পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকার বাসিন্দারা জানান, সড়কটি সংস্কার হওয়ায় তাদের দীর্ঘদিনের চলাচলের কষ্ট দূর হলো।