হরিণাকুন্ডুতে পরিবার কল্যাণ সহকারীর কর্মস্থলে ২১দিন অনুপস্থিত নিয়ে প্রশ্ন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুন বিনা ছুটিতে ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার কাপাশহাটিয়া ২/খ ইউনিটে কর্মরত আছেন।
হরিণাকুন্ডু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছরিন জানান, গত বছরের ডিসেম্বর জেসমিন আরা আমার কাছে ছুটির জন্য আসেন। কিন্তু সামনে জাতীয় নির্বাচন হওয়ায় তার ছুটি প্রদানের কোন বিধান ছিল না। এরপর তিনি কোন আবেদন ছাড়াই ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি দুটি পাক্ষিক সভায় অংশগ্রহণ করেননি এবং এক মাসে তার মাসিক রিপোর্টও দেননি। বিষয়টি কাপাশহাটিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম ফিল্ড ভিজিট করে প্রতিবেদন দিলে তাকেও মোবাইল ফোনে হুমকি দেন জেসমিন এবং তার স্বামী জাহিদ। এরপর শুনি তিনি আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন এবং হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে ভারতে গেছেন বলেও পত্রিকায় খবর বেরিয়েছে।
কিন্তু হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জেসমিনকে ভারতে যাবার জন্য কোন ছুটি দেননি বলে তাকে (নাছরিনকে) জানিয়েছেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরিন আরও জানান পুরো বিষয়টি আমি উধ্বর্তন কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছি। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১০ অক্টোবর জেসমিন ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডে আসেন। একজন সিনিয়র স্টাফ নার্সের উপস্থিতিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে চাইলে তিনি রাজি হননি। জেসমিনকে দেশের মধ্যে কোন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পরামর্শ দেন ঝিনাইদহ সিভিল সার্জনের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ড।
পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা জানান, ২০২৩ সালের জুন মাস থেকে আমি অসুস্থ। তখন থেকেই ছুটি চাচ্ছি কিন্তু দেয়নি। আমি একজন ক্যান্সার রোগী। আমার বিরুদ্ধে যা হচ্ছে সবই অপপ্রচার। আমি কারো হুমকি দিইনি। আমি সবার কাছে ন্যায় বিচার চাই। এ বিষয়ে ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোজাম্মেল হক জানান, তার দপ্তরে জেসমিনের কোন ছুটির আবেদন নেই। তবে ঢালাও ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে জেসমিনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।