বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি; আবেদন শুরু ২৮ এপ্রিল
বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
পদের নাম ও বেতন স্কেল:
-
পদের নাম: এএসআই (নিরস্ত্র)।
-
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
আবেদনের যোগ্যতা:
-
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে।
-
দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
-
বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর (মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)।
-
বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা:
-
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৪ ইঞ্চি।
-
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
আবেদন প্রক্রিয়া:
-
অনলাইনে আবেদন: আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে।
-
আবেদন ফি: টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে ৪৮ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সীমা:
-
আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।
-
আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
নড়াইল সংবাদদাতা। লোকসমাজ : নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (সকাল সাড়ে ১০টার দিকে) নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।পরিবার সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সকাল ৮টার দিকে মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল আনতে যান। তেল নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানী বিশ্বাস জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে থানায় জিডি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসবুকে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম এই জিডি আবেদন করেন।
জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি বানোয়াট ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ওই কার্ডে প্রতিমন্ত্রীর বরাতে দাবি করা হয়েছে— ‘গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।’
জিডি আবেদনে একান্ত সচিব স্পষ্ট করেছেন যে, প্রতিমন্ত্রী গত রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও প্রদান করেননি। প্রকৃতপক্ষে, তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন। প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জ্বালানি খাতের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সূত্র: বিএনপি মিডিয়া সেল
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত করল বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শেষে মোট ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, দলের জাতীয় কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা যাচাইয়ে গত দুই দিন ধরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন। মনোনয়ন বোর্ডের চুলচেরা বিশ্লেষণ শেষে চূড়ান্ত এই তালিকা চূড়ান্ত করা হয়।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী ও শাকিলা ফারজানা। এছাড়াও তালিকায় রয়েছেন হেলেন জেরিন খান, জেবা আমিন খান, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ এবং ফাহমিদা হকের মতো পরিচিত মুখগুলো। সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সুবর্ণা শিকদার ও মাধবী মারমাকেও মনোনীত করা হয়েছে।
মনোনয়নপ্রাপ্ত অন্য প্রার্থীরা হলেন— মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি, আন্না মিঞ্জ, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭২ শিশু
খুলনা ব্যুরো : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে রবিবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ হাজার ৮৬৫ শিশু। এছাড়া গত ২৪ঘন্টায় হাসপাতালে ভর্তি ৭১জন। গত একমাসে মারা গেছে ১০ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৫৮৭ শিশু।
এছাড়া মাগুরায় ২৬৯, যশোরে ৩৩৯ শিশু, খুলনায় ১৫৮, মেহেরপুরে ১৩৬, সাতক্ষীরায় ৭৮, ঝিনাইদহে ৮০, নড়াইলে ৯০, বাগেরহাটে ৮৫ এবং চুয়াডাঙ্গায় ৪৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭২শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ২৫, সাতক্ষীরায় ২, খুলনায় ৮, যশোরে ৭, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ২, ঝিনাইদহে ২, মাগুরায় ৫, নড়াইলে ১২ ও মেহেরপুরে ৭ শিশু ভর্তি হয়েছে।।
নড়াইলে তিন ব্রিজে যোগাযোগের সুব্যবস্থার আশা
সুলতান মাহমুদ, নড়াইল। লোকসমাজ : নড়াইলে তিনটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে সদর ও লোহাগড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে জানালেন এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো: খাইরুল ইসলাম। ব্রিজ তিনটি নির্মাণের ফলে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে দুটি উপজেলার চিত্র। সদর উপজেলার ফেদি, ভুমুরদিয়া, চালিতাতলাসহ কয়েকটি গ্রাম ও লোহাগড়া উপজেলার কলাগাছি, রায়গ্রাম,নলদীসহ বিভিন্ন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর ওপর নির্মিত হচ্ছে এ তিনটি ব্রিজ। এর মধ্যে চালিতাতলা বাজার সংলগ্ন এলাকায় ৩১ কোটি ৮৩লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলমান একটি ব্রিজের, ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ফেদি-আলীগঞ্জ বাজার এলাকায় একটি ব্রিজ এবং ৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নলদী ঘাট এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত হলে সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রাম-হাটবাজারের যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সর্বক্ষেত্রে উন্নয়নের দ্বার খুলে যাবে। যার ফলে দুটি উপজেলার লাখো মানুষের চোখে-মুখে হাসির ঝিলিক আর আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সদর উপজেলার পাইকমারী গ্রামের সাজ্জাদুর রহমান রিপন বলেন, তিনটি ব্রিজের নির্মাণ কাজ সমাপ্তের পর আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে সক্ষম হবো। ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে আগের মত আমদের কষ্টের দিন থাকবে না। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, নদীঘাটে নৌকার জন্য অপেক্ষা করে আর সময় পার করতে হবে না। এতে আমাদের যেমনি সময় সাশ্রয় হবে তেমনি আমাদের ব্যবসায়ও প্রসার হবে বলে জানান।
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা প্রকৌশলী মো: খাইরুল ইসলাম বলেন, নবগঙ্গা নদীর ওপর নির্মিতব্য তিনটি সেতু সদর ও লোহাগড়া উপজেলার সাথে যোগাযোগ ক্ষেত্রে যেমন উন্নয়ন ঘটবে। তেমনি দুটি উপজেলার জনগণের মাঝে সৌহার্দ্যপূর্ণ সেতুবন্ধন আগের থেকে আরও বেশি গড়ে উঠবে। এতে সমৃদ্ধির ছোঁয়া লাগবে পুরো জেলা জুড়ে।
এ প্রসঙ্গে নলদী ইউপির সাবেক চেয়ারম্যান মো: আছাদুজ্জামান জানান, চারদিকে নদী, অথৈ পানির ঢেউ এর মাঝেই ছিল তাদের বসবাস।নবগঙ্গা নদীর উপর তিনটি ব্রিজ নির্মাণের ফলে নদী তীরবর্তী ও আশপাশের মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগবে। নদীমাতৃক নড়াইল এখন উন্নয়ন সমৃদ্ধির মডেল জনপদ হিসেবে সর্বত্র সুপরিচিত লাভ করতে যাচ্ছে বলে তিনি জানান।
যশোর টাউন হল মাঠে দুই দিন পড়ে থাকা মোটরসাইকেলটি কার?
স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের টাউন হল মাঠে দুই দিন ধরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যা নিয়ে কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে—গাড়িটি আসলে কার?
স্থানীয়রা জানায়, গত শনিবার রাত থেকে মোটরসাইকেলটি মাঠে থাকতে দেখা যায়। রাত পেরিয়ে রোববার সারাদিনেও কেউ সেটি নিতে না আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে রোববার রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা টাউন হল মাঠে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার সোমবার সকালে জানান, এখনও পর্যন্ত মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলটির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭১২৬৭৪৯৮৭ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
এলপিজির দামও বাড়ল, জ্বালানি তেল নিয়ে দিনমান আলোচনা
লোকসমাজ ডেস্ক॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সারাদিন আলোচনা চলার মধ্যেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়ানোর ঘোষণা এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে চলতি মাসের ২ এপ্রিল নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই এলপিজির দাম বাড়ানোর এই সিদ্ধান্তে বাজারে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে জ্বালানি খাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে জ্বালানি তেলের বাজার পরিস্থিতি ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, “আমরা এখন একটি যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরাও বাধ্য হয়ে এই সমন্বয় করেছি।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় সেই চাপ সামাল দিতে বর্তমান মূল্য সমন্বয় করা হয়েছে। ভর্তুকি এখনও বহাল রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে এবং এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়।
অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো শর্তের সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আইএমএফ-এর শর্তের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণেই এই সমন্বয় করা হয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় তহবিলের ওপর চাপ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় ধরে দাম অপরিবর্তিত রেখেছিল। তবে বাজেট ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের দাম সামগ্রিক অর্থনীতির একটি অংশমাত্র এবং সরবরাহ-চাহিদার ওপরই মূল্যস্ফীতি নির্ভর করে। সরকার পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনগণের ওপর প্রভাব সহনীয় রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত সরকার গ্রহণ করবে না। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।









