নড়াইলে তিন ব্রিজে যোগাযোগের সুব্যবস্থার আশা

ব্রিজ  তিনটি নির্মাণের ফলে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে দুটি উপজেলার চিত্র

0
Narail bridge

সুলতান মাহমুদ, নড়াইল। লোকসমাজ : নড়াইলে তিনটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে সদর ও লোহাগড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে জানালেন এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো: খাইরুল ইসলাম। ব্রিজ  তিনটি নির্মাণের ফলে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে দুটি উপজেলার চিত্র। সদর উপজেলার ফেদি, ভুমুরদিয়া, চালিতাতলাসহ কয়েকটি গ্রাম ও লোহাগড়া উপজেলার কলাগাছি, রায়গ্রাম,নলদীসহ বিভিন্ন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর ওপর নির্মিত হচ্ছে এ তিনটি ব্রিজ। এর মধ্যে চালিতাতলা বাজার সংলগ্ন এলাকায় ৩১ কোটি ৮৩লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলমান একটি ব্রিজের, ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ফেদি-আলীগঞ্জ বাজার এলাকায় একটি ব্রিজ এবং ৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নলদী ঘাট  এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত হলে  সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রাম-হাটবাজারের যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সর্বক্ষেত্রে উন্নয়নের দ্বার খুলে যাবে। যার ফলে দুটি উপজেলার লাখো মানুষের চোখে-মুখে হাসির ঝিলিক আর আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সদর উপজেলার পাইকমারী গ্রামের সাজ্জাদুর রহমান রিপন বলেন, তিনটি ব্রিজের নির্মাণ কাজ সমাপ্তের  পর আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে সক্ষম হবো। ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে আগের মত আমদের কষ্টের দিন থাকবে না। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, নদীঘাটে নৌকার জন্য অপেক্ষা করে আর সময় পার করতে হবে না। এতে আমাদের যেমনি সময় সাশ্রয় হবে তেমনি আমাদের ব্যবসায়ও প্রসার হবে বলে জানান।
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা প্রকৌশলী  মো: খাইরুল ইসলাম বলেন, নবগঙ্গা নদীর ওপর নির্মিতব্য তিনটি সেতু সদর ও লোহাগড়া উপজেলার সাথে যোগাযোগ ক্ষেত্রে যেমন উন্নয়ন ঘটবে। তেমনি দুটি উপজেলার জনগণের মাঝে সৌহার্দ্যপূর্ণ সেতুবন্ধন আগের থেকে আরও বেশি গড়ে উঠবে। এতে সমৃদ্ধির ছোঁয়া লাগবে পুরো জেলা জুড়ে।
এ প্রসঙ্গে নলদী ইউপির সাবেক চেয়ারম্যান মো: আছাদুজ্জামান জানান, চারদিকে নদী, অথৈ পানির ঢেউ এর মাঝেই ছিল তাদের বসবাস।নবগঙ্গা নদীর উপর তিনটি ব্রিজ নির্মাণের  ফলে নদী তীরবর্তী ও আশপাশের মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগবে। নদীমাতৃক নড়াইল এখন উন্নয়ন সমৃদ্ধির মডেল জনপদ হিসেবে সর্বত্র সুপরিচিত লাভ করতে যাচ্ছে বলে তিনি জানান।