স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদরের তারাগঞ্জে একটি বাসে অভিযান চালিয়ে ৯শ গ্রাম গলানো সোনাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। বাসটি ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। ভোর ৫টায় যশোর-নড়াইল সড়কের উল্লিখিত স্থানে এ অভিযান চালায় বিজিবি।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি আরও জানান, তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রার সিজার মূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।
আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ মুম্বাই শহরের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের আমিন আহমদ আনসারীর ছেলে।
যশোরে কোটি টাকার গলিত সোনাসহ ভারতীয় নাগরিক আটক [ ভিডিও খবর]
তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
দীর্ঘ ১০ বছর পর চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান (৫২) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তদন্ত সূত্র জানায়, মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান। বুধবার বিকেলে তাঁকে কড়া নিরাপত্তায় কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম। শুনানি শেষে বিচারক মো. মমিনুল হক তিন দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড চলাকালীন তাঁর ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পিবিআই।
এর আগে আদালতের নির্দেশে তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনের ডিএনএ নমুনা মেলানোর যে আবেদন করা হয়েছিল, হাফিজুর রহমান তাদেরই একজন। মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন এবং মা আনোয়ারা বেগম আদালতে উপস্থিত থেকে হাফিজুরের রিমান্ড শুনানি পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন নাট্যকর্মী তনু। পরে ঝোপের মধ্য থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষায় তিন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য মিললেও এতোদিন কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ছিল। এই প্রথম কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় মামলায় নতুন গতির সঞ্চার হলো।
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর লক্ষ্যে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং কয়েক হাজার তরুণকে বিভিন্ন উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭ হাজার ৫০০ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে পেপ্যাল-এর কার্যক্রম শুরু করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
সংসদে জানানো হয়, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটি ও ডাটা অ্যানালাইটিক্সসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নারী উদ্যোক্তা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাবলম্বী করতেও বিশেষ কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ; শুরু ২ জুলাই থেকে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিন অনুযায়ী, তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা ৮ আগস্ট পর্যন্ত চলবে। পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং তা অবশ্যই ১৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
প্রকাশিত সময়সূচিতে জানানো হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় এই পরীক্ষা সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এইচএসসি পরীক্ষা-২০২৬ এর অফিসিয়াল সময়সূচি।
সংরক্ষিত আসনে এনসিপি নেত্রী মনিরার প্রার্থিতা স্থগিত; তথ্যপ্রমাণের জন্য কাল দুপুর পর্যন্ত সময়
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার শর্তে এই সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে এই সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। প্রথম দিনে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে মনিরা শারমিন ছাড়া বাকি ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনিরা শারমিনের দাখিলকৃত নথিপত্রে সরকারি পে-স্কেলের উল্লেখ থাকায় তাঁর চাকরির স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। প্রাপ্ত তথ্যমতে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। তবে এনসিপি নেতাদের দাবি, চাকরি স্থায়ী হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন, ফলে তিন বছরের শর্ত তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এদিকে, নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের আবেদন আমলে নেয়নি কমিশন। জামায়াত জোটের মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জন এরই মধ্যে বৈধতা পেয়েছেন। জোটের নেতারা আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিয়ে মনিরা শারমিনও তাঁর প্রার্থিতা ফিরে পাবেন।।
যশোরে নারীর হাতে শাশুড়ি খুন
স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে পুত্রবধূর হাতে ষাট বছর বয়সী এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সকিনা খাতুন নামে ওই নারী বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে তার পুত্রবধূ মরিয়ম বেগম পারিবারিক কলহে শাশুড়িকে জবাই করে হত্যার কথা স্বীকার করেন।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, যশোর শহরের বেজপাড়ার শহিদুল ইসলাম মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় তার মা নিখোঁজ হয়েছে বলে অভিযোগ দেন। এরপর বাড়ির সামনে মায়ের বস্তাবন্দী লাশ পান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় শহিদুলের স্ত্রীর আচরণ সন্দিগ্ধ মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি শাশুড়িকে জবাই করে হত্যার কথা স্বীকার করেন। তার তথ্য অনুযায়ী ঘরের ওয়ারড্রোবের ভিতর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরিয়ম বেগম বলেছেন- দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পুনরায় বকাবকি করায় ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখেন এবং হত্যায় ব্যবহার করা অস্ত্রটি ঘরের ওয়্যারড্রপের ভেতরে লুকিয়ে রাখেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বাড়ির সামনে থেকে সকিনা বেগমের বস্তাবন্দী লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন যশোর কোতয়ালি থানার এসআই ফজলুল হক।
শহিদুল ইসলাম জানিয়ে ছিলেন, তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে (ধর্মীয় সভা) গেছেন। রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে আবারও খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাড়ির সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাঁঠালের মধ্যে মাদক!
স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বুধবার ভোর সাড়ে ৫টায় চৌগাছা উপজেলার সিংহঝুলির চৌগাছা ফিলিং স্টেশনের সামনে থেকে ৪০ পিস উইনরেক্স নামে মাদকসহ আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, গোপন সংবাদে চৌগাছা পুলিশ সেখানে অভিযান চালায়।
যশোরে বৃদ্ধার বস্তাবন্দী লাশ : পুত্রবধূকে আটক করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে বস্তাবন্দি অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধারের ঘটনায় পুত্রবধূ মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। এ বিষয়ে সংবাদ সম্মেলন করছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
যশোর ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহে বেজপাড়ার ষাটোর্ধ্ব সকিনা বেগমকে হত্যা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যায় ব্যবহৃত ধারালোঅস্ত্র সহ প্রধান অভিযুক্তকে ১২ ঘন্টার মধ্যে আটক করলো ডিবি যশোর ও যশোর কোতয়ালী থানা পুলিশের যৌথ টিম। নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কিত প্রেস ব্রিফিং করবেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
এ প্রতিবেদন তৈরি পর্যন্ত সংবাদ সম্মেলন চলছিল।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বাড়ির সামনে থেকে সকিনা বেগমের বস্তাবন্দী লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন যশোর কোতয়ালি থানার এসআই ফজলুল হক।
পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন। রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ শহিদুলের স্ত্রী মরিয়মকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি শাশুড়ি হত্যার কথা স্বীকার করেন। এসময় পুলিশ সংবাদ সম্মেলন আহ্বান করে।
বিস্তারিত পরে জানানো হচ্ছে-
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন
দেশীয় পণ্য জনপ্রিয় করার লক্ষ্যে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ এবং পোশাক বিতরণ শুরু হবে। মাহদী আমিন জানান, প্রথম মাসে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর কাছে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে শিশুদের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই ভিশন সম্পর্কে উপদেষ্টা বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সমাজে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা। ধনী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমিয়ে আনতেই তৃণমূল থেকে পর্যায়ক্রমে একই ধরনের পোশাক ও ব্যাগ বিতরণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরিবেশ সুরক্ষায় পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহারে শিশুদের উৎসাহিত করা এবং পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে দেশের সকল প্রান্তিক এলাকায় এই সেবা পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির
সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশে বাসের ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাস মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় এবং ডলারের উচ্চমূল্যে যন্ত্রাংশের দাম বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় বেড়েছে। এই অবস্থায় লোকসান এড়াতে সরকারের কাছে দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে সমিতি। তবে সরকারি সিদ্ধান্ত আসার আগে কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, নিয়মবহির্ভূতভাবে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানান, ভোক্তা অধিকার লঙ্ঘন করে ভাড়া বাড়ানো হলে তারা রাজপথে কর্মসূচি দেবেন।








