বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে থানায় জিডি

0
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ভুয়া ফটোকার্ড প্রচার; রমনা থানায় জিডি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসবুকে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম এই জিডি আবেদন করেন।

জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি বানোয়াট ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ওই কার্ডে প্রতিমন্ত্রীর বরাতে দাবি করা হয়েছে— ‘গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।’

জিডি আবেদনে একান্ত সচিব স্পষ্ট করেছেন যে, প্রতিমন্ত্রী গত রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও প্রদান করেননি। প্রকৃতপক্ষে, তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন। প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জ্বালানি খাতের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সূত্র: বিএনপি মিডিয়া সেল