বাঘারপাড়া উপজেলা পরিষদের গেটে ‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে ছাত্রলীগ

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলা পরিষদের মূল গেটে ‘খুনি হাসিনা’ ও ‘হাসিনা ভুয়া’ লেখা মুছে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতের কোনো এক সময় ছাত্রলীগের সদস্যরা হেলমেট মাথায় দিয়ে এ কাজ করে চলে যায়। এ বিষয়ে ছাত্রলীগের এক নেতা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যা ভাইরাল হয়ে পড়ে। তবে এ বিষয়ে কিছু জানেন না উপজেলা পরিষদের দয়িত্বপ্রাপ্তরা।

জানা গেছে, ৫আগস্ট সরকার পতনের দিন বিকেলে উপজেলার জুলাই যোদ্ধারা উপজেলা পরিষদের প্রধান গেটের দক্ষিণ পাশে লাল কালি দিয়ে ‘খুনি হাসিনা’ এবং উত্তর পাশে ‘হাসিনা ভুয়া’ লিখে দেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এ লেখা দুটি অক্ষত ছিলো।

গত সোমবার গভীর রাতে ছাত্রলীগের নেতারা গেটের দুই পাশের ‘হাসিনা’ শব্দটি অপরিবর্তিত রেখে ‘ভুয়া’ ও ‘খুনি’ লেখা কেটে তার ওপর দিয়ে কালো কালিতে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার বিভিন্ন চায়ের দোকানে আলোচনা হলেও ঘটনার সাথে জড়িত কারা তা জানেন না কেউ। তবে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমডি সাগর হুসাইন সাগর তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এর দায় স্বীকার করেছেন।

এতে তিনি লিখেছেন, ‘যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর নির্দেশনায় এবং বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ভাইয়ের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা পরিষদ গেটে দীর্ঘদিন ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কুরুচিপূর্ণ মন্তব্য অপসারণ করা হয়েছে। তার পরিবর্তে স্থাপন করা হয়েছে আমাদের প্রাণের স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।’

এখানে এমডি সাগর একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে একজন হেলমেট পরে রং স্প্রে করে ভুয়া ও খুনি শব্দ দুটি কেটে জয় বাংলা লিখছেন এবং অন্য একজন তাকে নির্দেশনা দিচ্ছেন। এ পোস্টটি আবার যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী তার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে’। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান,‘এ বিষয়ে আমি এখনো অবগত নই’।