দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

0
দেশে পেপ্যাল চালু হলে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের পেমেন্ট জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর লক্ষ্যে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং কয়েক হাজার তরুণকে বিভিন্ন উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭ হাজার ৫০০ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে পেপ্যাল-এর কার্যক্রম শুরু করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

সংসদে জানানো হয়, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটি ও ডাটা অ্যানালাইটিক্সসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নারী উদ্যোক্তা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাবলম্বী করতেও বিশেষ কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।