স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের খালঘাট এলাকায় গাঁজার আসরে অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক মাদকসেবীরা হচ্ছেন-সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের খালঘাট এলাকার হাসান আলী (৬০), আলতাফ হোসেন কালু (৫০), বাতিয়ারগাতি গ্রামের আব্দুল খালেক (৫৬), নজরুল ইসলাম (৫০), অভয়নগরের সিঙ্গিয়া রেলস্টেশন এলাকার সোলায়মান শেখ (৫০) এবং খুলনার সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার হোসেন মোল্লা (২৮)।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল গফুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার তিনি খালঘাট এলাকায় হাসান আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় হাসান আলীসহ উল্লিখিত ৬ জনকে আটক করা হয়। তারা একটি ঘরে বসে গাঁজা সেবন করছিলেন। এদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা, একটি কল্কেসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
যশোরে গাঁজার আসর থেকে সরঞ্জামসহ ৬ মাদকসেবী আটক
সন্তান মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ : আফিল উদ্দিন এমপি
লোকসমাজ ডেস্ক ॥ আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি বলেছেন, সন্তান মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। অবহেলায় সন্তান নষ্ট হলে, বাবা-মায়ের মতো অসহায় আর কেউ হয় না। সন্তান জন্মের পরে তাকে সঠিকভাবে সুষম খাদ্যের মাধ্যমে আদর্শবান হিসেবে লালন পালন করতে হবে। রবিবার দিনব্যাপী যশোরের শার্শা উপজেলা কলেজ, বেনাপোল কলেজ ও পাকশি আইডিয়াল কলেজে আসন্ন ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ও অভিভাবকের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। রবিবার সকালে শার্শা উপজেলা কলেজের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে শার্শা উপজেলা কলেজের হলরুমে এ মতবিনিময় সভা করেন তিনি।
কেশবপুরে পরিবেশ নষ্টের অভিযোগে ইটভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলায় বারুইহাটি গ্রামে ইটের ভাটা পরিবেশ নষ্ট করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। প্রায় ১০০ বিঘা জমিতে পেঁয়াজ, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি ও শিমসহ শীতকালীন সবজি নষ্ট হচ্ছে। ভাটার কারণে কয়েক শ পরিবার বিপাকে পড়েছে। রবিবার দুপুরে প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পে আমেনা বেগম এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আমেনা বেগম জানান, গ্রামবাসীর নিষেধ করার পরও কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমান ইটভাটা স্থাপন করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভাটার পাশেই রয়েছে বারুইহাটি মহিলা দাখিল মাদরাসা, কমিউনিটি কিনিক ও কিরাতী মাদরাসা। এক কিলোমিটার দূরে রয়েছে ভাল্লুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা। ভাটার মাটি ও ইট টানা গাড়িগুলোর জন্য এসব প্রতিষ্ঠানের শিার্থী সব সময় আতঙ্কে থাকে। সেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারকেল গাছে ফল ধরছে না। ফুল নষ্ট হচ্ছে। এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস শীতকালীন সবজি। ভাটার জন্য সবজি চাষ এক সময় ধ্বংসের দিকে যাবে। ভাটা মালিককে বিষয়টি জানালে তিনি তিগ্রস্ত কৃষকদের নাশকতা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সময় তিনি ভাটাটি বন্ধ করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারুইহাটি গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার, মজিবার রহমান, নূর আলী, রনজু বেগম, হাজিরা বেগম, সুফিয়া বেগম, ঝর্ণা বেগম, মাজেদা খাতুন ও সবিরন নেছা প্রমুখ। ইটভাটার কারনে স্থানীয়দের তিগ্রস্তের বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরত জাহান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।
বাঘারপাড়া বিএনপি নেতা আতিয়ারের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি আতিয়ার রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদআসর বাঘারপাড়ার বাউলিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মরহুমের ভাই ধলগ্রাম গ্রামের বীরপ্রতীক কলেজের অধ্য মুস্তাক আহমেদ জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপি নেতা আতিয়ার রহমান মৃত্যুবরণ করেন। ওইদিন বাদএশা শহরের বারান্দী মাঠপাড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। পরে তার লাশ গ্রামের বাড়ি বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। মরহুম আতিয়ার রহমান রাজনীতি করার পাশাপাশি ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত বাঘারপাড়া ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন।
বটিয়াঘাটায় বিস্তীর্ণ এলাকাজুড়ে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ : কৃষক দিশেহারা
আহসান কবির, বটিয়াঘাটা (খুলনা) ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলায় কারেন্ট পোকার আক্রমণে ক্ষেতের আমন ধান খড়কুটায় পরিণত হয়েছে। এ অবস্থায় কৃষকের মাথায় হাত উঠেছে। ঋণের বোঝা মাথায় নিয়ে সামনের দিনগুলো কিভাবে কাটবে সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের শ শ একর জমির চলতি আমন মৌসুমের বিভিন্ন প্রজাতির ধান কারেন্ট পোকা আক্রমণ করে। এসব জমির ধান অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ খড়কুটায় পরিণত হয়ে গেছে। উপজেলার জলমা, বটিয়াঘাটা, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমিরপুর ইউনিয়নের মধ্যে রণজিতেরহুলা গ্রামের বাসার মোল্লার ৫ বিঘা, জামাল শেখের ১০ একর, কামালের ৩ একর, গফুরের ১ একর ৫০ শতক, আব্দুল হকের ২ একর, ছাত্তারের ২ একর ৫০ শতক, শিয়ালীডাঙ্গা গ্রামের বায়জিদের ২ একর, ভান্ডারকোট গ্রামের আবু তালেবের ২ একর, মাবুদের ১ একর ৫০ শতক, রফিকের ১ একর, টালিয়ামারা লক্ষ্মীখোলা গ্রামের চঞ্চল কুমার ঘোষের ২ একর, সমীর ঘোষের ২ একর ৫০ শতক, পলাশ ঘোষের ২ একর ৫০ শতক, ব্রজেন ঘোষের ২ একর, মন্টু ঘোষের ৩ একর, সুশান্ত ঘোষের ৩ একর, নান্টু ঘোষের ২ একর লিটন ঘোষের ২ একর, অপূর্ব ঘোষের ২ একর, রায়পুর গ্রামের মিজান মাস্টারের ১ একর, ও আরিফুলের ২ একর ও ধানের সাথে মাছ চাষ ১২ হাজার পিস গলদা সম্পূর্ণ শেষ হয়ে গেছে।
কিসমত ফুলতলা গ্রামের প্রশান্ত মন্ডলের ৩ একর, শাহিন বিশ্বাসের ১ একর ও দেবাশীষ লস্করের ১ একর ৫০ শতক, হেতালবুনিয়া গ্রামের প্রশান্ত কুমার বিশ্বাসের ২.৫০ একর। এসব কৃষকসহ ৭টি ইউনিয়নের জমিতে কারেন্ট পোকার আক্রমণে বিভিন্ন প্রজাতির ধান খড়কুটায় পরিণত হয়েছে এবং মাছ মরে শেষ হয়েছে। ফলে কৃষকরা ঋণের বোঁঝা মাথায় নিয়ে পথ চলতে পারছে না। সেই সাথে আগামী বছর কিভাবে সংসার চালানো ও ঋণ পরিশোধ করবে তা ভাবতেই কৃষকদের মাথা ঘুরে পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রামের কৃষকদের কম বেশি জমির ধান কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রবিউল ইসলাম জানান, ১৭ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে কৃষকরা স্থানীয় প্রজাতির ধান চাষ করে থাকেন। এর মধ্যে ২২৫ হেক্টর জমিতে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর জন্য ক্ষতিসাধিত হয়েছে। এ এলাকায় উপজেলার ধানের জমিতে অতিরিক্ত পানি জমে থাকায় কারেন্ট পোকার আক্রমণ বেশি হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে এ বিষয়ে কৃষকদের বার বার সতর্ক করা হয়েছে। কৃষকদের ধানের ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথ কর্র্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের জন্য কোন ব্যবস্থা হলে তা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।
ফের আসছে বৃষ্টি, তারপর শৈত্যপ্রবাহ
লোকসমাজ ডেস্ক ॥ দেশের প্রায় অর্ধেক অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে না, সেসব অঞ্চলেও তাপমাত্রা কম থাকায় রয়েছে তীব্র শীত। এতে নিম্ন আয়ের মানুষসহ নানা শ্রেণি-পেশা ও বয়স্ক মানুষ পড়েছে নানা ভোগান্তিতে। এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, চলমান শৈত্যপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া আবহাওয়াবিদদের মধ্যে কেউ কেউ বলছেন, দু-একদিন পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে আশান্বিত হওয়ার কিছু নেই। কারণ, ২ থেকে ৩ জানুয়ারির মধ্যে আবারও হালকা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কমে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘তিনদিন বলা হলেও চলমান শৈত্যপ্রবাহ আর এক থেকে দুদিন থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার বেড়ে যাবে। তবে ২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।’ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার দেশের ৪৩টি অঞ্চলের মধ্যে ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে পাঁচটি অঞ্চলে মাঝারি ধরনের (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) এবং ১৩টি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৬ দশমিক ৯ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি ও রাজারহাটে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮ দশমিক ৩ ডিগ্রি, বগুড়ায় ১০ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ৩ ডিগ্রি, তাড়াশে ১০ ডিগ্রি, রংপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি, সৈয়দপুরে ৮ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রি, কুমারখালীতে ১০ ডিগ্রি, টাঙ্গাইলে ৯ দশমিক ৫ ডিগ্রি, ময়মনসিংহে ৯ দশমিক ৮ ডিগ্রি এবং নেত্রকোনায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
যশোরে ১২শ পিস ইয়াবাসহ তিনজন আটক
স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত শনিবার পৃথক অভিযান চালিয়ে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন-সদর উপজেলার রহেলাপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে শামীম (৩৮), উপশহর এ ব্লকের বামিন্দা মুনসুর আলী বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম খোকন (৪৭) ও শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির জনৈক রফিকের বাড়ির ভাড়াটিয়া ওমর মোল্লার ছেলে তুরান মোল্লা (২২)। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল জানান, গত শনিবার বিকেলে তারা গোপন সংবাদের ভিত্তিতে রহেলাপুর গ্রামে শামীমের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে শামীম ও তার সঙ্গী খোকনকে আটক করেন। পরে শামীমের কাছ থেকে তারা ১ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এদিকে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এএসআই শাহিনুর ইসলাম জানান, গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কাজীপাড়া গোলামপট্টিতে অভিযান চালিয়ে তুরান মোল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় পৃথক দুুটি মামলা হয়েছে।
সংসদ থেকে পদত্যাগ করলেন তাপস
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে লড়তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। নৌকার প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর রবিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। ব্যারিস্টার তাপসের প্রেস সচিব তারেক শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। স্পিকার দপ্তর জানিয়েছে, ব্যারিস্টার তাপস নিজে এসে দুপুর দেড়টায় পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। এর আগে দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণে ব্যারিস্টার তাপসকে মেয়রপদে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন পাওয়ার আশার কথা জানালেও তাপসকেই চূড়ান্ত করল আওয়ামী লীগ।
ঝিকরগাছায় শাশুড়ির নির্যাতনে চোখ হারাচ্ছেন এক গৃহবধূ
স্টাফ রিপোর্টার ॥ শাশুড়ির নির্যাতনে যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুরের নাসিমা বেগম (২২) নামে এক গৃহবধূ একটি চোখ হারাতে যাচ্ছে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক গোলযোগের জের ধরে গত শনিবার রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে। নাসিমা বেগম পুরন্দপুরের আশিকুল ইসলামের স্ত্রী। গত শনিবার স্বামী আশিকুল ইসলামের সাথে তার চাচাশ্বশুর মিজানুর রহমানের নারিকেল গাছ নিয়ে বিরোধ বাধে। এ বিরোধের জের ধরে শনিবার রাত ৮টার দিকে গোলযোগ হয়। এ সময় নাসিমা বেগম গোলযোগ থামাতে গেলে তার চাচি শাশুড়ি সাজেদা বেগম এসে নাসিমা বেগমকে বেদম প্রহার করে এবং বাম চোখে লাঠি দিয়ে আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। ওই রাতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
খেলার খবর
এবার ঢাকার বাইরে হবে না বঙ্গবন্ধু গোল্ডকাপ
স্পোর্টস ডেস্ক ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ এবার শুধু ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। গতবার ঢাকার পাশাপাশি সিলেট এবং কক্সবাজারেও হয়েছিল। রবিবার দুপুরে বাফুফে ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের স্বত্ব কিনে নেওয়া কে স্পোর্টসের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় এসব তথ্য। ১৫ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৫ এপ্রিল। ঢাকার বাইরে খেলা না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট। এ জন্য এবারের পুরো আয়োজন আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই করতে চাই।’ স্বাগতিক বাংলাদেশ দলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা লাওস, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও কিরগিজস্তান দলের। ৪ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে টুর্নামেন্টের ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠান। এবারের আসরে বিশ্ব ফুটবলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারকে আনতে পারে বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে। ফিফায় কিংবদন্তি ফুটবলারদের একটি শাখা আছে। তাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছে বাংলাদেশ। বড়দিনের ছুটি শেষ হলে ফিফা থেকে সাড়া পাওয়ার আশা করছেন বাফুফে কর্মকর্তারা।
চারদিনে কিউইদের ডুবিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক ॥ রোদেলা রবিবারে ওপেনার টম ব্লান্ডেলের ঐতিহাসিক সেঞ্চুরির পরও মেলবোর্ন টেস্ট পঞ্চমদিনে নিতে পারেনি নিউজিল্যান্ড। চারদিনের ভেতর ২৪৭ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করতে হল তাদের। এদিনও অজি বোলাররা দারুণ দক্ষতা দেখিয়েছেন। স্পিনার নাথান লায়ন চার উইকেট নেন। প্যাটিনসন ফিরিয়েছেন তিনজনকে। অস্ট্রেলিয়া আগের দিন ৪৫৬ রানের লিড নিয়েছিল। এদিন ৪৮৮ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করে তারা। নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৪০ রানে। একাই লড়াই করা ব্লান্ডেল ওপেনে নেমে ২১০ বলে ১২১ রান করেন। ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটসম্যান আগে কোনোদিন পাঁচ নম্বরের উপরে ব্যাটই করেননি! সেই তিনি অজি পেসারদের সামলিয়েছেন দারুণ দক্ষতায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩১৯ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও জো বার্নস দারুণ শুরু করে এই সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেন। রবিবার ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৬৮ পর্যন্ত গেলে লিড ৪৮৮ হওয়ায় আর সামনে যাওয়ার প্রয়োজন মনে করেনি দলটি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে কিউইরা। কামিন্স ১৭ ওভার হাত ঘুরিয়ে পাঁচজনকে ফেরান। খরচ করেন ২৮ রান। ৩৪ দিয়ে তিন উইকেট জেমস প্যাটিনসনের। বাকি দুটি মিচেল স্টার্কের।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান (১১৪) ট্রাভিস হেড হয়েছেন ম্যাচসেরা। তিন ম্যাচ সিরিজের শেষটি শুরু হবে ৩ জানুয়ারি, সিডনিতে। কিউইরা প্রথম ম্যাচ হেরেছিল ২৯৬ রানে।
হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব
স্পোর্টস ডেস্ক ॥ উইজডেনের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার পর নন্দিত ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে আছেন সাকিব আল হাসান। ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে ভোগলে তার দল ঘোষণার সময় সাকিবকে নিয়ে এভাবে মন্তব্য করেন, ‘এটা ছিল সাকিবের জন্য অবিশ্বাস্য এক বছর। সে পাঁচে ব্যাট করতে পারে এবং বেশির ভাগ দিনেই ১০ ওভার বল করবে। যে দলেই খেলুক না কেন ভারসাম্য রাখতে পারে খুব ভালো।’ এ বছর ১১টি ওয়ানডে খেলা সাকিবের ব্যাটিং গড় ৯৩.২৫ (৭৪৬ রান)। বল হাতে পেয়েছেন ১৩ উইকেট। ভোগলের একাদশে সাকিবের সঙ্গে আছেন বেন স্টোকস ও জস বাটলার। বোলিংয়ে আছেন মিচেল স্টার্ক, জফরা আর্চার, যশপ্রীত বুমরা ও কুলদ্বীপ যাদব। স্টোকসকে নিয়ে চার পেসার এবং সাকিব-কুলদ্বীপকে নিয়ে দুই স্পিনারের বোলিং আক্রমণ সাজিয়েছেন ভোগলে। ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), যশপ্রীত বুমরা (ভারত) ও কুলদ্বীপ যাদব (ভারত)।
ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই অর্ধের দুই গোলে বার্নলিকে হারিয়েছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইউনাইটেডের ২-০ ব্যবধানে জয়ে গোল দুটি করেন অঁতনি মার্সিয়াল ও মার্কাস র্যাশফোর্ড। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করা ইউনাইটেড ৪৪তম মিনিটে এগিয়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডার চার্লি টেইলরের ভুলের সুযোগে সতীর্থের বাড়ানো বল ধরে অনায়াসে গোলটি করেন মার্সিয়াল। গত সপ্তাহে ‘বক্সিং ডে’-তে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ে জোড়া গোল করেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন র্যাশফোর্ড। পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড। নিউক্যাসলের বিপক্ষে দলের তৃতীয় গোলটি করেছিলেন তিনি। মৌসুমজুড়ে বারবার ছন্দ হারানো উলে গুনার সুলশারের দলের এবারের লিগে এটি তৃতীয় ‘অ্যাওয়ে’ জয়। ২০ ম্যাচে মোট আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার। এক ম্যাচ কম খেলা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের পয়েন্টও তাদের সমান ৩০। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ১৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৩২। ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে আর্সেনাল।








