বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

0
নয়াপল্টনে মে দিবসের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের শিল্প খাত পুনর্গঠনে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই তথ্য জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কারখানাগুলো চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চলতি সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত এক যুগে শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষকে অধিকারবঞ্চিত করা হয়েছিল। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে শিল্প খাতকে আমদানিনির্ভর করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ সেই স্বৈরাচারকে বিদায় দিয়েছে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে নতুন বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনা শুরু হয়েছে। এছাড়া ঢাকা শহরে হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, শুধু উচ্ছেদ করলেই হবে না, তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। ইতিমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে হকার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি সমাবেশে জানান।