নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টির দলে কারা, জানাল বিসিবি

0
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা।। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ লড়াইয়ের আগে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের শেষ ম্যাচের জন্য ঘোষিত এই দলে কোনো পরিবর্তন আনা হয়নি; অর্থাৎ প্রথম দুই ম্যাচের স্কোয়াডের ওপরই আস্থা বজায় রেখেছে নির্বাচক প্যানেল।

আগামীকাল বেলা দুইটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

ঘোষিত এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে আব্দুল গাফফার ও রিপন মণ্ডল তাঁদের স্থান ধরে রেখেছেন। প্রথম ম্যাচে রিপন মণ্ডল মাঠে নামার সুযোগ পেলেও আব্দুল গাফফারের একাদশে অভিষেক হওয়া এখনো বাকি। আগামীকাল মিরপুরে জয় পেলেই কিউইদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

তৃতীয় টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন ও আবদুল গাফফার।