বারিধারায় গির্জায় দস্যুতা: ফাদারকে বেঁধে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৩

0
গির্জায় লুটের ঘটনায় গ্রেপ্তার তিন সদস্য এবং উদ্ধারকৃত লুণ্ঠিত টাকা ও মালামাল।। ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ‘ডি মাজেন্ড গির্জার’ পরিচালক ফাদার সুবাস পুলক গোমেজের হাত-পা ও মুখ বেঁধে আড়াই লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা ও লক্ষ্মীপুর জেলার রামগতির প্রত্যন্ত চরাঞ্চলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) ও আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

আজ শুক্রবার ভাটারা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ও অনলাইন জুয়ায় চরমভাবে আসক্ত। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতেই তাঁরা এই দস্যুতার পরিকল্পনা করেছিলেন। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত ২ লাখ ৪৮ হাজার টাকা, ১টি পাসপোর্ট, ১টি জাতীয় পরিচয়পত্রসহ গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মাস্ক পরা অবস্থায় দুজন গির্জার প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। প্রথমে কর্মচারীদের কক্ষ বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাঁরা ফাদারের অফিসের গ্রিল কাটেন। এরপর ফাদারকে বেঁধে রেখে আলমারি থেকে টাকা ও কাগজপত্র লুট করে ব্যাটারিচালিত রিকশায় পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে রিকশাচালক আক্তার হোসেনকে মুগদা থেকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর ও রাজধানীর খিলক্ষেত থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, এই চক্রের মূল পরিকল্পনাকারী আবুল হোসেনের বিরুদ্ধে আটটি মামলাসহ অন্য সদস্যদের বিরুদ্ধেও দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।