নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাই: ৪ ঘণ্টা পর উদ্ধার, আটক ৩

0
নারায়ণগঞ্জে পুলিশের ওপর দুষ্কৃতকারীদের হামলা; অস্ত্র উদ্ধারের পর সাঁড়াশি অভিযান ।। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের ঘটনার তদন্তে গিয়ে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে একটি শটগান ছিনিয়ে নেয় হামলাকারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার চার ঘণ্টা পর শুক্রবার সকাল ছয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়েছে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় কয়েকজন যুবকের মুঠোফোন ও টাকা ছিনতাই হয়। সেই অভিযোগের প্রাথমিক তদন্ত করতে এএসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল রাত সোয়া দুইটার দিকে ওই এলাকার গুলু মিয়ার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪-১৫ জন অজ্ঞাত দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনের ডান হাত ও পেটে জখম করে দুষ্কৃতকারীরা তাঁর শটগানটি ছিনিয়ে নেয়। এছাড়া এএসআই সোহেলের পায়ে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে কনস্টেবল ফয়সালকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার ভোরে হাবিবনগর এলাকার একটি টিনশেড ঘরের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শটগানটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।