পিলখানা হত্যাকাণ্ড: কারাগার থেকে জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

0
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, যেখান থেকে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার ৮ আসামি মুক্তি পেয়েছেন।। ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আটজন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দুটি ইউনিট থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন এবং কারাগার পার্ট-২ থেকে সাতজন বন্দি মুক্তি পান। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন এবং কারাগার পার্ট-২ এর জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র মতে, ওই আট আসামির জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মুক্তি দেওয়া হয়। শুক্রবার সকালে ও বিকেলে পৃথকভাবে এই বন্দিরা কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় কারাফটকে তাঁদের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় ইতিমধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ হলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনো চলমান রয়েছে।