প্রয়াত গায়ক জুবিন গর্গের কোটি টাকা আত্মসাৎ; ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

0
প্রয়াত গায়ক জুবিন গর্গ, যাঁর অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আদালত।। ছবি: সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অর্থ আত্মসাতের মামলায় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন গুয়াহাটির ফাস্ট ট্র্যাক কোর্ট। প্রয়াত গায়কের থেকে সুকৌশলে হাতিয়ে নেওয়া অর্থ নিজ প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং বিপুল সম্পত্তি গড়ার অভিযোগে আদালত এই কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনার পর আসাম সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) জুবিন ঘনিষ্ঠদের ওপর নজরদারি শুরু করে। তদন্তে বেরিয়ে আসে যে, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা গায়কের প্রায় ১ কোটি ১০ লাখ রুপি আত্মসাৎ করে তাঁর মালিকানাধীন ‘মহাবীর অ্যাকুয়া’ প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

মামলার বিচারক শর্মিলা ভূয়ান তাঁর পর্যবেক্ষণে জানান, সিদ্ধার্থ শর্মা তাঁর বিপুল অর্থের কোনো বৈধ উৎস বা আয়কর নথি উপস্থাপন করতে পারেননি। তদন্তকারী কর্মকর্তার পেশ করা নথিতে অর্থ আত্মসাৎ, তহবিল স্থানান্তর এবং কালোটাকা সাদা করার প্রমাণ মিলেছে। এর প্রেক্ষিতে আদালত সিদ্ধার্থের নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার চূড়ান্ত আদেশ প্রদান করেছেন। উল্লেখ্য, জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু তদন্তে আসাম সরকারের ‘সিট’ ম্যানেজারের আর্থিক অসঙ্গতির এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।