যশোর রেল স্টেশনে জুম্মান হত্যা মামলার ‘কপাল কাটা’ রুবেল আটক

0

স্টাফ রিপোর্টার\ ১৪ হত্যা মামলার আসামি জুৃম্মান সরদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুবেল ওরফে কপাল কাটা রুবেলকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের নাজির শংকরপুরস্থ কোল্ড স্টোরেজ মোড় এলাকা থেকে আটক হয়। রুবেল ওরফে কপাল কাটা রুবেল শংকরপুর গাড়োয়ানপট্টির মৃত তরিকুল ইসলামের ছেলে। যশোরের আলোচিত নারী তন্বীর ভাই।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যারাতে যশোর রেল স্টেশনের প্লাটফরমের ওপর সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন জুম্মান। তিনি চাঁচড়া রায়পাড়ার মৃত মুরাদ সরদারের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই মামুন হোসেন খুলনা রেলওয়ে থানায় মামলা করেন। রুবেল ওরফে কপাল কাটা রুবেল ওই মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার বিকেলে আটকের পর তাকে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আটক রুবেল ওরফে কপাল কাটা রুবেলের বিরুদ্ধে ২টি হত্যা, ১টি হত্যা চেষ্টা এবং মাদকের ২টি মামলা রয়েছে।