খুলনায় হোটেল কক্ষে যুবকের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগে নারী আটক

0
খুলনায় হোটেল কক্ষে যুবকের মরদেহ উদ্ধার
খুলনা নগরীর হোটেল কপোতাক্ষের একটি কক্ষ থেকে সোহেল রানা বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ- লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের হোটেল কপোতাক্ষের একটি কক্ষ থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বাসরোধে হত্যার অভিযোগে ফাতেমা (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে খুলনা থানার আওতাধীন খানজাহান আলী রোডস্থ হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা বাবু লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি লোকমানের ছেলে এবং মৃত ফিরোজা বেগমের সন্তান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহেল রানা বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে হোটেল কপোতাক্ষে ওঠেন। হোটেলে অবস্থানকালে তাদের মধ্যে পারিবারিক কলহ ও বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, একপর্যায়ে ওই নারী সোহেল রানা বাবুকে শ্বাসরোধ করেন। পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজন নারীকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।