রামপালে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত, আহত বাবা

0

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা এলাকায় পানি নিষ্কাশনের চেষ্টা করা হলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় আহাদ আহমেদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথে আহাদের মৃত্যু হয়। আহত ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।