যশোর উপশহরে নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিচালিত সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে ‘বেআইনি ও দানবীয়’ আখ্যা দিয়ে এর প্রতিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সোমবার যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগীরা।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ১০ ও ১১ মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যশোর ও খুলনা অফিস যৌথভাবে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই উপশহর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

ভুক্তভোগীদের বৈধ মালিকানার নথিপত্র এবং আদালতের চলমান দেওয়ানি মামলার নিষেধাজ্ঞা সংক্রান্ত কাগজপত্র থাকা সত্ত্বেও উচ্ছেদকারী কর্মকর্তারা তা অমান্য করেন। কর্মকর্তারা নথিপত্র ছুঁড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান মাটির সাথে মিলিয়ে দিয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় প্রশাসনের অভিভাবক জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং পুলিশ সুপার মাসুদ আলম এই আইনবহির্ভূত উচ্ছেদ অভিযানের বিষয়ে পূর্ব থেকে সম্পূর্ণ অবগত ছিলেন না। স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রেখে একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থার এমন আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা দেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। ফলে বৈধ কাগজপত্র ও টাকা জমা দিয়েও অনেকে কষ্টার্জিত জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন। স্থানীয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তারা কোনো আইনি প্রতিকার পাননি।