যশোরে চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের ৩ সদস্যকে অচেতন করে লুট

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুড়লী মোড় এলাকায় এক দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। একটি পরিবারের তিন সদস্যকে চেতনানাশক প্রয়োগে অচেতন করে নগদ ১০ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় অপরাধীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুড়লী মোড় এলাকার মোকাররমের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন নড়াইলের নড়াগাতী থানার কাঠাদুয়া গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) এবং তাদের সাত বছর বয়সী শিশুসন্তান মাসুদ।

স্বজন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার রাতে যথারীতি রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাতের কোনো একসময়ে চক্রটি ঘরে প্রবেশ করে কিংবা কৌশলে চেতনানাশক প্রয়োগ করে তাদের গভীর অচেতনে আচ্ছন্ন করে ফেলে। রাতের কোন এক সময় অপরাধীরা ঘরের স্টিলের বাক্স ভেঙে নগদ ১০ লাখ টাকা ও চার ভরি সোনার গহনা লুটে নিয়ে চম্পট দেয়।

রোববার সকালে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ঘরের সাড়াশব্দ না পেয়ে এবং প্রতিবেশীদের সহায়তায় ভুক্তভোগীদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১০টার দিকে তাদের দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের অবস্থাই আপাতত আশঙ্কামুক্ত।

কীভাবে অপরাধীরা ঘরে প্রবেশ করল এবং কী ধরনের চেতনানাশক ব্যবহার করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনে কোনো সংবদ্ধ অপরাধী চক্র জড়িত কি না, তা অনুসন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জড়িতদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।