দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব

0
ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে বিআরটিএ। দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং মহানগরে ১৮ পয়সা বাড়ানোর এই প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামসহ মহানগর এলাকায় কিলোমিটার প্রতি ১৮ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনাটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া কত বৃদ্ধি পাবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সরকারের অনুমোদন পাওয়ার পরেই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা তৈরি করা হয়। এতে পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মালিক-শ্রমিক প্রতিনিধিরা মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করে ভাড়া সমন্বয়ের আবেদন জানান।

সাধারণত বাস ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য পরিচালন ব্যয় যুক্ত করা হলেও এবার শুধু জ্বালানির মূল্য বৃদ্ধি বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তেলের দাম যতটুকু বেড়েছে, তার আনুপাতিক হারেই ভাড়া নির্ধারণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ডিজেলের দাম লিটারে ১ টাকা বাড়লে কিলোমিটার প্রতি ভাড়া ১ পয়সা বাড়ে। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় এই হারে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বাড়লেও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তাঁরা কেবল জ্বালানির মূল্য বৃদ্ধির হারে ভাড়া পুনর্নির্ধারণে সম্মত হয়েছেন। মাঠপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন পরিবহন মালিকেরা।

উল্লেখ্য, গত রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মালবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে নতুন ভাড়া সারা দেশে কার্যকর হবে।