অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যে পিস্তল, শটগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম থেকে একটি পিস্তল, একটি শটগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামি মো. রমজান শেখ (২২) ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুল শেখের ছেলে।

পুলিশ সূত্র জানায়, অভয়নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে রমজান শেখকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অস্ত্র ও গুলি লুকিয়ে রাখার বিষয়ে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় একটি বাঁশবাগানে তল্লাশি চালিয়ে ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, একটি শটগান এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, কার হেফাজতে ছিল এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অস্ত্রগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কি না, সেটিও যাচাই করা হবে।

এ ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি শটগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”