বিশ্বমানের ক্যান্সার চিকিৎসায় অবদান রাখবে “আমাদের গ্রাম”: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

0
বাগেরহাটের রামপালে বিশ্বমানের 'আমাদের গ্রাম ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে' ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী বিনামূল্যে ১০০ হতদরিদ্রের স্ক্রিনিংয়ের ঘোষণা দেন।। ছবি: লোকসমাজ

এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) ॥ রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে, যা বিশ্বমানের ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার’-এর সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার সূচনা করা হয়।

আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিমের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

"দেশি-বিদেশি মানবিক মানুষের সহযোগিতায়
গড়ে ওঠা এই হাসপাতাল যাতে
সাশ্রয়ী মূল্যে সেবা দিতে পারে,
আমরা সরকারের পক্ষ থেকে
সর্বাত্মক সহযোগিতা করব।
আমার ব্যক্তিগত তহবিল থেকে
প্রতি বছর ১০০ জন হতদরিদ্রকে
বিনামূল্যে স্ক্রিনিং করানো হবে।" 
— 
শেখ ফরিদুল ইসলাম
প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন এবং বাগেরহাটের জেলা প্রশাসক মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে বাগেরহাটের পরিবেশ দপ্তর, সিভিল সার্জন ও সমাজসেবা দপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের অজপাড়াগাঁয়ে সম্পূর্ণ বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। দেশি ও বিদেশি মানবিক মানুষের সহযোগিতায় এই হাসপাতালটি গড়ে উঠেছে।

এই হাসপাতালটি যাতে গোটা বাংলাদেশের সকল মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এই কেন্দ্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং হাসপাতালটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি আরও জানান যে, প্রতি বছর তাঁর ব্যক্তিগত তহবিলের অর্থায়নে ১০০ জন হতদরিদ্র রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এই সেন্টারে ক্যান্সার স্ক্রিনিং করার ব্যবস্থা করা হবে।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, এত প্রত্যন্ত ও গ্রাম্য এলাকায় যে এত উন্নত মানের চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হবে, তা সাধারণ মানুষের চিন্তারও বাইরে ছিল। তিনি হাসপাতালটির অগ্রযাত্রায় জেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।