সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, উদ্ধার সরঞ্জাম

0
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও নৌকাসহ ৬ জন চোরা শিকারিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।। ছবি: সংগৃহীত

সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক করেছে বন বিভাগ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল, দুটি নৌকা ও হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ এই ৬ জন চোরা শিকারিকে হাতেনাতে গ্রেপ্তার করেন বন কর্মীরা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপাই রেঞ্জের আওতাধীন চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদী খালী খাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। গ্রেপ্তারকৃত এই ৬ জনের সবার বাড়ি সুন্দরবন সংলগ্ন চিলা ও জয়মনির বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনের গহিনে অসাধু উপায়ে অনুপ্রবেশ এবং বন্যপ্রাণী হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার গোপন খবর পায় বন বিভাগ। এই তথ্যের ওপর ভিত্তি করে চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালানোর চেষ্টা করলে বনকর্মীরা তাঁদের চারদিক থেকে ঘেরাও করে ফেলে এবং হাতেনাতে আটক করে। পরবর্তীতে আটককৃত শিকারিদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসকারী নিষিদ্ধ খালপাটা জাল এবং মাছ ধরা ও চলাচলের ২টি কাঠের নৌকা জব্দ করা হয়।

ঘটনা প্রসঙ্গে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও সার্বিক জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তারকৃত ৬ চোরা শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এছাড়া উদ্ধার ও জব্দকৃত সমস্ত সরঞ্জাম বন বিভাগের নিজস্ব হেফাজতে রাখা হয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষ করে রবিবার সকালে আসামিদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।