রামপালে ৮৫৩ শিক্ষার্থীর মাঝে তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শিক্ষা উপকরণ বিতরণ

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত ৮৫৩ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ,পানির বোতল,ছাতা,টিফিনবক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

রোববার উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণি-ছায়রাবাদ কুইন্টন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বর্ণি-ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় এবং হুরকা ইউনিয়নের সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ইনচার্জ আনোয়ারুল আজিম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ প্রকিউরমেন্ট অফিসার (সিপিও) এস এম জাহিদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক, রামপাল শাখার ব্যবস্থাপক ও গৌরম্ভা ইউনিয়নের প্রশাসক মো. হাবিবুর রহমান, বর্ণি-ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুজিবুর রহমান এবং বর্ণি-ছায়রাবাদ কুইন্টন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাসুদুর রহমান মাহাদী।

প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ইনচার্জ আনোয়ারুল আজিম বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখাই এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহিত করতেই এবারের উদ্যোগ নেওয়া হয়েছে।